ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন শেখ হাসিনা। পরে সেখান থেকে সড়ক পথে শনিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে দুই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে পরিদর্শন করবেন।
এরপর নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল ফুলের চারা রোপণ করবেন। পরে ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ীতে যাবেন। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করবেন এবং মতুয়া নেতাদের সাথে মতবিনিময় করবেন।
এ দিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরের দ্বিতীয় দিনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী মন্দিরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি সাতক্ষীরা পৌঁছান। পরে যশোরেশ্বরী মন্দিরে পূজা অর্চনা শেষে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মতবিনিময় করছেন মোদী। বর্তমানে তিনি সেখান থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পথে রওয়ানা হয়েছেন।